দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক যতই শীতল হোক, খেলার মাঠে অন্তত তা ভুলে গিয়ে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে—এমনটাই কাম্য।
আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে সৌজন্যতার খাতিরে হলেও তাঁদের সঙ্গে হাত মেলাবেন। এরপর ডাগআউটে থাকা অন্যরাও করমর্দন করবেন।
কিন্তু দুবাইয়ে কাল এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে জেতানোর পর সূর্যকুমার ও দুবে যা করেছেন, তা ক্রিকেটীয় চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতোই। ম্যাচ শেষে পাকিস্তানিদের সঙ্গে করমর্দন দূরে থাক, তাঁদের দিকে সূর্য ও দুবে ফিরেও তাকাননি। সোজা হাঁটা দিয়েছেন ড্রেসিংরুমের দিকে।
এরপর যা ঘটেছে, তা আরও বিস্ময়কর। সূর্য ও দুবে ড্রেসিংরুমে ঢুকতেই কেউ একজন দরজা লাগিয়ে দিয়েছেন, যেন পাকিস্তানের কেউ ভারতীয়দের সঙ্গে দেখা করতে না পারেন!
ভারতীয়দের এমন আচরণের প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেছে পাকিস্তান। তবে পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যায় ভারত জানিয়েছে, পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতেই এমনটা করেছে তারা।
শুধু ম্যাচ শেষেই নয়, টসের সময়ও পাকিস্তান অধিনায়ক আগা সালমানের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার। নিজের ৩৫তম জন্মদিনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর ভারতের প্রতিনিধি হিসেবে সূর্যই এসেছিলেন সংবাদ সম্মেলনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন