‘তদন্তে ঘাতক ওসমান পরিবার চিহ্নিত হলেও গ্রেপ্তার করা হয়নি’ - BD News24

Breaking

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

‘তদন্তে ঘাতক ওসমান পরিবার চিহ্নিত হলেও গ্রেপ্তার করা হয়নি’

 


নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে সাড়ে ১১ বছর আগে নির্যাতন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। র‌্যাবের তদন্তে ঘাতক ওসমান পরিবার চিহ্নিত হলেও গ্রেপ্তার করা হয়নি। সাড়ে ১০ বছরেও আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়নি। উল্টো ত্বকী হত্যার বিচার চাওয়ায় সংস্কৃতিকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন চালিয়েছে ওসমান পরিবার।

আজ শুক্রবার বিকেলে নগরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ত্বকী হত্যা ও বিচারহীনতার সাড়ে ১১ বছর’ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। ত্বকী হত্যার সাড়ে ১১ বছর উপলক্ষে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মদদে ওসমান পরিবার নারায়ণগঞ্জে খুন, চাঁদাবাজি, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারও নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেছে। অবিলম্বে ত্বকীর হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

ত্বকী হত্যার পর থেকে সাড়ে ১১ বছর ধরে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে। হত্যার বিচারের দাবিতে টানা সাড়ে ১১ বছর কর্মসূচি পালন বিশ্বে বিরল ঘটনা বলেও উল্লেখ করেন বক্তারা।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রথীন চক্রবর্তী, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলার সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলার সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages